কলকাতায় বস্ত্র শিল্প সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী এক মাসের মধ্যেই রাজ্যের ২৫ জন শিল্পপতির হাতে শিল্প স্থাপনের জন্য জমি হস্তান্তর করা হবে। তিনি জানান, লাক্স কোজি ও আমূল-সহ একাধিক সংস্থা পশ্চিমবঙ্গে শিল্প গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে এবং খুব শীঘ্রই তাদের জমি বরাদ্দ করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই ল্যান্ড পারচেজ পলিসি (জমি ক্রয় নীতি) চালু করেছে। কৃষকরাও শিল্পের স্বার্থে স্বেচ্ছায় জমি দিচ্ছেন। পাশাপাশি শিল্পের পরিকাঠামো আরও উন্নত করতে দ্রুত ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসি চালুর বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের আমলে রাজ্যে শিল্পায়ন পিছিয়ে পড়েছিল এবং কোনও অডিট রিপোর্টও প্রকাশ করা হয়নি। রাজ্যকে এগিয়ে নিতে কাটমানি, সিন্ডিকেট ও তোলাবাজির সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
শিল্পপতিদের জন্য বিশেষ শিল্পনীতি, ওয়ান-স্টপ (এক জানালা) পরিষেবা এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। ফলে বাংলায় শিল্পোন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।
তিনি আরও জানান, কেন্দ্রও পশ্চিমবঙ্গে বস্ত্র শিল্পের বিকাশে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে বর্ধমান ও নদিয়া জেলার উন্নত তাঁত শিল্প এবং দক্ষ কারিগরদের কথা উল্লেখ করে এই দুই জেলায় তাঁত শিল্পের আরও প্রসারে উদ্যোগ নেওয়া হবে।
কলকাতায় অনুষ্ঠিত এই বস্ত্র শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বস্ত্রমন্ত্রী দীপক বর্মন, পুর প্রতিমন্ত্রী উমেশ রাই, মুখ্য সচিব মনোজ আগরওয়াল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও শিল্পমহলের প্রতিনিধিরা।
