রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপের পথ আরও প্রশস্ত করল আমেরিকা। রাশিয়ার সঙ্গে বাণিজ্য ইউক্রেন যুদ্ধে মদত জোগাতে পারে—এই যুক্তিতে রাশিয়া ও তার পেট্রোলিয়ামজাত পণ্যের ক্রেতা দেশগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মার্কিন সেনেটে একটি বিল পাস হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামের বিলটি মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে অনুমোদিত হয়েছে। বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা পাঁচটি প্রধান দেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন।
এই সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় ভারত, চিন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ পড়তে পারে বলে জানা গিয়েছে। ফলে বিলটি কার্যকর হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বজায় রাখা দেশগুলির ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে।
বিলটিতে আরও রয়েছে ১৯৯৬ সালের Iran Sanctions Act-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। এখন বিলটি আইনে পরিণত হওয়ার জন্য পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া পেরোতে হবে।
বিশ্ব রাজনীতিতে এখন বড় প্রশ্ন: রাশিয়ার তেল কেনা দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর এই প্রস্তাব কার্যকর হলে ভারত-সহ রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক কতটা প্রভাবিত হবে, তা এখন নজরে।
