পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা ধর্মেন্দ্র প্রধানের

 


প্রবেশিকা পরীক্ষা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ একটি দীর্ঘ বার্তা প্রকাশ করে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি।

বার্তায় ধর্মেন্দ্র প্রধান জানান, চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত। তাঁর বিশ্বাস, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটি সমৃদ্ধ দেশের ভিত্তি। দেশের তরুণদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে তিনি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে দেখেছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছিল। সিবিআই তদন্তের নির্দেশ, পরীক্ষা বাতিল, পুনঃপরীক্ষার আয়োজন এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (CBT) পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সেই পদক্ষেপেরই অংশ। তাঁর দাবি, ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই ছিল সরকারের প্রধান লক্ষ্য।


ধর্মেন্দ্র প্রধান আরও জানান, শুরু থেকেই তিনি পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন এবং কখনও পরিস্থিতি থেকে সরে দাঁড়াননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল, কোনও মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন পরীক্ষা মাফিয়াদের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

তবে সাম্প্রতিক ঘটনাবলীতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি লেখেন, গত কয়েক দিনের ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হলেও এটি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা বা সম্মানের বিষয় ছিল না। শুধু তাই নয়, পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তার মুখে না পড়ে, তারা যেন আইনি জটিলতায় না জড়ায় এবং দেশবিরোধী কোনও শক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে—এসব বিষয় বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বার্তার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশের সেবা করাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। ভবিষ্যতেও ভারত, ওড়িশা এবং দেশের তরুণদের স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال