স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পড়ুয়ার মৃত্যু; আহত একাধিক, চাঞ্চল্য বহরমপুরে



মুর্শিদাবাদের বহরমপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হল ৩ স্কুলপড়ুয়ার। আহত হয়েছেন একাধিক পড়ুয়া। শুক্রবার সকালে বহরমপুর থানার কর্নসুবর্ণের 
গোবিন্দপুর রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি স্কুল ভ্যান পড়ুয়াদের নিয়ে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছিল। অভিযোগ, রেলগেট খোলা থাকায় ভ্যানটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় আচমকাই একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ স্কুলপড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ, রেল কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে বলে খবর। অন্যদিকে, এই দুর্ঘটনার জেরে গাফলতি'র প্রশ্নও উঠতে শুরু করেছে জনসাধারণের মনে। 

ঘটনায় গেটম্যান অনুপ কর্মকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে আরও এক গেটম্যান ও সুপারভাইজারকে। দুর্ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে এডিআরএম। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের জন্য হাওড়া থেকে টিম পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে রেল।

আরও জানা গিয়েছে, মুর্শিদাবাদের স্কুলভ্যান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। এছাড়াও গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে রেল।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال