উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে বলে ঘোষণা হওয়ায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত চতুর্থ শ্রেণির শেষ বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পর্ষদ সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত স্কুলগুলিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। সেই কারণে পূর্বঘোষিত ৫ থেকে ৮ অক্টোবরের পরিবর্তে আগামী ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন সূচি অনুযায়ী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলা, ৯ অক্টোবর (শুক্রবার) গণিত, ১২ অক্টোবর (সোমবার) ইতিহাস-ভূগোল-বিজ্ঞান এবং ১৩ অক্টোবর (মঙ্গলবার) ইংরেজি পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক অধ্যাপিকা অনুরূপা দাস জানিয়েছেন, উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন করা হয়েছে।
