মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ জেলার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম জেলা সফর হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্য অনেকটাই বেশি। সূত্রের খবর, বহরমপুরের রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে জেলার একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেলডাঙায়ও একটি সভা করার কথা রয়েছে জানা গেছে।
জানা গিয়েছে, বিশেষ করে আর্থিক দুর্নীতি, বেকারত্বের ক্রমবর্ধমান সমস্যা এবং আইনশৃঙ্খলার অবনতির মতো সংবেদনশীল বিষয়গুলিই মুখ্যমন্ত্রীর আলোচনার কেন্দ্রে থাকতে পারে। জেলার প্রশাসনিক কাজকর্ম, সরকারি প্রকল্পের বাস্তবায়ন, সাধারণ মানুষের অভিযোগ এবং বিভিন্ন দফতরের ভূমিকা নিয়েও পর্যালোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম জেলা সফরেই মুর্শিদাবাদকে বেছে নেওয়ায় রাজনৈতিক বার্তাও রয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। প্রশাসনিক বৈঠক থেকে জেলার উন্নয়ন, দুর্নীতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে।
