বারুইপুরের নাবালিকা নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে তিনি অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার কথা জানার পর তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁর অভিযোগ, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দেয়, যার ফলে সেখানে যেতে পারেননি। পরে ফোনে পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন তিনি।
এই ঘটনার প্রতিবাদে এবং নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে কালীঘাট থেকে সাংসদ, বিধায়ক ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ‘জাস্টিস ফর বারুইপুর’ মোমবাতি মিছিলে অংশ নেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। নারীদের ন্যূনতম নিরাপত্তা দিতে বর্তমান সরকার ব্যর্থ বলেও তিনি দাবি করে অপরাধীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আপসহীন আন্দোলন চলবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
