দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার বলে দাবি দলের নেতৃত্বের। সোমবার সংসদ ভবন অভিযানের মধ্যেই সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়। সেই অনুযায়ী, দলের মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা দেন।
এদিকে, অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকও সংসদ অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন ওয়াংচুক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাময়িকভাবে বাইরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন। চিঠিতে তিনি দাবি করেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং স্বাস্থ্যসূচক স্বাভাবিক রয়েছে। তাই সংসদ ভবনের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তাঁকে কিছু সময়ের জন্য হাসপাতাল থেকে বেরোনোর অনুমতি দেওয়ার আর্জি জানান।
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, সিজেপি নেতৃত্বের দাবি, সরকার আলোচনায় আগ্রহ দেখিয়েছে এবং তাঁদের দাবি শোনার জন্য সময়ও নির্ধারণ করেছে। সমাজমাধ্যমে সৌরভ দাস জানান, শিক্ষায় দুর্নীতি, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম এবং যুবসমাজের ভবিষ্যৎ সংক্রান্ত দাবিগুলি সরকারের সামনে তুলে ধরা হবে।
উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। গত শনিবার তাঁকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। ওয়াংচুকের অভিযোগ, তাঁকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
