দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর অবশেষে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করার ইচ্ছা রয়েছে তাঁর। পাশাপাশি আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকেও সঙ্গে নিয়ে ফেরার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। গত প্রায় দু’বছর ধরে তিনি ভারতে রয়েছেন। এদিকে, জুলাই আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের একটি আদালত তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর থেকেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।
এই পরিস্থিতিতেই শেখ হাসিনার নতুন মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁকে জোর করে দেশে ফেরাতে হবে না, তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন। তাঁর কথায়, “ঢাকা কর্তৃপক্ষ আমাকে ফেরত নিতে চান। ভারতকে বারবার চিঠি দিচ্ছেন। আমি নিজেই যাব।” তবে ডিসেম্বরের ঠিক কোন তারিখে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনও কিছু জানাননি।
শেখ হাসিনার এই ঘোষণার পর এখনও পর্যন্ত নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে এগোবে, তা নির্ভর করবে আগামী কয়েক মাসের রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার ওপর।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে গণঅভ্যুত্থানের রূপ নেয়। দেশজুড়ে বিক্ষোভের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। জুলাই আন্দোলনকে ঘিরে বিচারপ্রক্রিয়া, মানবাধিকার এবং রাজনৈতিক বিতর্ক এখনও দেশটির অন্যতম আলোচিত বিষয়।
