তিস্তা নদী উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল চিন। বেজিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানিয়েছেন, চিন–বাংলাদেশের সহযোগিতা কোনও তৃতীয় পক্ষের ক্ষতি করবে না এবং এই দ্বিপাক্ষিক সমঝোতায় বাইরের কোনও দেশের প্রভাবও গ্রহণ করা হবে না।
চিন জানিয়েছে, বাংলাদেশের ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট’-এ প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত। প্রকল্পের আওতায় নদী খনন, গভীরতা বৃদ্ধি এবং ভাঙন রোধে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ভারত এই প্রকল্পে চিনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নয়াদিল্লির মতে, তিস্তা প্রকল্পে চিনের সম্পৃক্ততা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনা সরকারের সময়ে তিস্তা সংরক্ষণ ও প্রকৌশলগত সহায়তার প্রস্তাব দিয়েছিল ভারত, তবে সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ কার্যত থমকে যায়।
