মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে নদিয়ার করিমপুর হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট পর্যন্ত প্রস্তাবিত চার লেনের ৩১২ নম্বর জাতীয় সড়ক নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। জাতীয় সড়ক নির্মাণের আগে করিমপুর–কৃষ্ণনগর রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ ভাঙাচোরা অংশ মেরামতির জন্য প্রায় ৩৭ কোটি টাকা বরাদ্দ করে দরপত্র আহ্বান করা হয়েছে। এর ফলে বহুদিনের প্রতীক্ষিত চার লেনের সড়ক নির্মাণের কাজ দ্রুত এগোবে বলেই আশা করছেন এলাকার মানুষ।
উল্লেখ্য, গত ১৭ মে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে প্রস্তাবিত ৩১২ নম্বর জাতীয় সড়ক নির্মাণের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই ঘোষণার পর এ বার জাতীয় সড়ক নির্মাণ ও তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থা নিয়োগের উদ্দেশ্যে দরপত্র ডাকা হল।
মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা— এই তিন জেলার বিস্তীর্ণ অংশ ছুঁয়ে যাওয়া প্রস্তাবিত জাতীয় সড়কের একটি বড় অংশ হিসেবেই করিমপুর–কৃষ্ণনগর রাজ্য সড়ককে চার লেনে উন্নীত করা হবে। তবে তার আগে দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা এই সড়কের জরুরি মেরামতির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ৩২৮ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কের মধ্যে প্রায় ২১২ কিলোমিটার অংশ মেরামতির জন্য গত শনিবার প্রায় ৩৭ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করে দরপত্র আহ্বান করা হয়েছে। করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সড়ক মেরামতির কাজ শুরু হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু করিমপুর–কৃষ্ণনগর সড়কের যাতায়াতই সহজ হবে না, ভবিষ্যতে জঙ্গিপুর থেকে বসিরহাট পর্যন্ত প্রস্তাবিত চার লেনের জাতীয় সড়ক নির্মাণের পথও আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।
