শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষকদের অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে নদীয়ার তেহট্ট মহকুমায় অনুষ্ঠিত হল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)-এর প্রথম মহকুমা সম্মেলন। রবিবার করিমপুর-২ ব্লকের কমিউনিটি হলে আয়োজিত এই সম্মেলনে তেহট্ট মহকুমার ৬টি চক্র থেকে প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
সম্মেলনে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মানোন্নয়ন, শিক্ষকদের ঐক্য এবং ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ। তিনি শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, প্রাথমিক শিক্ষকদের ভূমিকা এবং সংগঠিত থাকার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।
অরাজনৈতিক এই শিক্ষক সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলন ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা কমিউনিটি হল। আয়োজকদের দাবি, এই সম্মেলন শুধু সংগঠনের শক্তি বৃদ্ধির ক্ষেত্রেই নয়, প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর আলোচনার ক্ষেত্রও তৈরি করেছে।
