আগামী বছর বিশ্ব ব্যাডমিন্টনে বড়সড় বদল আসতে চলেছে। আন্তর্জাতিক স্তরে ২০২৭ সালের জানুয়ারি থেকে চালু হবে নতুন ৩x১৫ পয়েন্টের স্কোরিং সিস্টেম। তার আগেই ভারতীয় খেলোয়াড়দের প্রস্তুত করতে ঘরোয়া সার্কিটে এই নিয়ম চালু করে দিল Badminton Association of India।
৭ থেকে ১৪ জুলাই এর্নাকুলামে আয়োজিত অল ইন্ডিয়া সিনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্টে প্রথমবার এই নতুন নিয়মে খেলা হবে। শুধু সিনিয়র স্তর নয়, অনূর্ধ্ব-১১ থেকে শুরু করে মাস্টার্স ন্যাশনাল পর্যন্ত সব স্তরেই এই ফরম্যাট চালু করা হচ্ছে। বাই-এর বক্তব্য, আন্তর্জাতিক মঞ্চে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই ভারতীয় শাটলারদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত।
নতুন নিয়ম অনুযায়ী, আগে যেখানে একটি গেম ২১ পয়েন্টে শেষ হত, সেখানে এখন তা কমে হবে ১৫ পয়েন্টে। ম্যাচ আগের মতোই বেস্ট-অফ-থ্রি থাকবে। তবে ১৪-১৪ হলে জিততে হলে অন্তত ২ পয়েন্টের ব্যবধান রাখতে হবে। আর খেলা যদি ২০-২০-এ পৌঁছে যায়, তা হলে ২১ পয়েন্টে ‘সাডেন ডেথ’-এ গেমের নিষ্পত্তি হবে। বিরতির নিয়মেও বদল এসেছে— আগে ১১ পয়েন্টে ব্রেক থাকলেও এখন তা হবে ৮ পয়েন্টে। তৃতীয় গেমে ৮ পয়েন্টে ৬০ সেকেন্ডের বিরতি ও কোর্ট বদলের নিয়মও থাকছে। তবে দুই গেমের মাঝের ১২০ সেকেন্ডের বিরতিতে কোনও পরিবর্তন হয়নি।
বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের মতে, এই বদলের মূল লক্ষ্য খেলার গতি বাড়ানো, ম্যাচের দৈর্ঘ্য কমানো এবং খেলোয়াড়দের চোট-আঘাতের ঝুঁকি কিছুটা কমানো। ১৫ পয়েন্টের গেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে হবে, ফলে ম্যাচ হবে আরও দ্রুত, টানটান এবং দর্শক-বান্ধব।
