পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে শূন্য হওয়া ওই তিনটি আসনে আগামী ২৪ জুলাই ভোট হবে বলে কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, ৭ জুলাই জারি হবে নির্বাচনী বিজ্ঞপ্তি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই। ১৫ জুলাই হবে মনোনয়নপত্রের যাচাই। ১৭ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ হবে ২৪ জুলাই। একই দিনে বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা।
সুখেন্দু শেখর রায়ের আসনটি শূন্য হয়েছে ৮ জুন, সুশ্মিতা দেবের আসনটি ১০ জুন এবং প্রকাশ চিক বরাইকের আসনটি ১১ জুন। এর মধ্যে সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের আসনের মেয়াদ ছিল ১৮ অগস্ট ২০২৯ পর্যন্ত। সুশ্মিতা দেবের আসনের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটদানের সময় ব্যালট পেপারে পছন্দের প্রার্থী চিহ্নিত করতে শুধুমাত্র রিটার্নিং অফিসারের দেওয়া নির্দিষ্ট বেগুনি রঙের স্কেচ পেন ব্যবহার করা যাবে। অন্য কোনও কলম ব্যবহার করা যাবে না বলেও জানা যাচ্ছে।
