ই-২০ ইথানল জ্বালানি নিয়ে বিভ্রান্তি দূর, নিরাপদ ব্যবহারের বার্তা দিল ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম। ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বলে দাবি করেছে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম। শনিবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজোরিয়া জানান, ই-২০ জ্বালানি নিয়ে যে ধারণা প্রচলিত আছে—এটি ইঞ্জিনের ক্ষতি করে বা গাড়ির মাইলেজ কমায়—তা সম্পূর্ণ সঠিক নয়।
তিনি বলেন, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পরই এই জ্বালানি বাজারে আনা হয়েছে এবং এটি সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি তেল সংস্থাগুলি ও ডিলারদের মাধ্যমে গ্রাহকদের কাছে দায়িত্বশীলভাবে এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলেও তিনি জানান। তাঁর মতে, ই-২০ জ্বালানি পরিবেশবান্ধব এবং দেশের জ্বালানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি ইথানল কোনো নতুন প্রযুক্তি নয়—এক শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়ে আসছে। জৈব-জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রাপ্ত পরামর্শ ভবিষ্যৎ নীতিতে অন্তর্ভুক্ত করা হবে বলেও খবর।
বিশেষজ্ঞদের মতে, ই-২০ জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও কিছু বিভ্রান্তি থাকলেও সরকার ও তেল সংস্থাগুলি ধারাবাহিকভাবে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। তবে, পুরনো যানবাহনের ক্ষেত্রে পারফরম্যান্স ভিন্ন হতে পারে।”
