‘সিঁদুর অভিযান’-এর পর দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ডিআরডিও-র তৈরি ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ (QRSAM), যার নাম ‘অনন্ত শস্ত্র’, কেনার জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) ইতিমধ্যেই এই প্রকল্পের ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’ (AoN) অনুমোদন করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিআরডিও-র প্রযুক্তিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে। ট্রাকে বহনযোগ্য এই ব্যবস্থা দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে এবং ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্রকে প্রায় ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে।
‘অনন্ত শস্ত্র’ দেশের নতুন ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ (IADWS)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর সঙ্গে থাকবে স্বল্পপাল্লার VSHORADS এবং অত্যাধুনিক লেজারভিত্তিক Direct Energy Weapon (DEW)। এই তিন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশপথের হুমকি দ্রুত শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হবে। এর ফলে ভারতের আকাশসীমার নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
